মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ · নিউইয়র্ক
খেলা

অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা

অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল এবং ফুটবলারদের লক্ষ্য করে চালানো নানামুখী অপপ্রচার ও বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে অবশেষে চরম কঠোর অবস্থানের কথা জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। খেলোয়াড়দের সুনাম ও সম্মান ক্ষুণ্ন করতে ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে বড় আকারের আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

প্রখ্যাত ফুটবল দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যানুযায়ী, জাতীয় দল ও ফুটবলের শীর্ষ তারকাদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, বিকৃত ছবি এবং প্রমানহীন বিভিন্ন দাবির বিরুদ্ধে শিগগিরই মানহানির মামলা ঠুকতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

এএফএ জানিয়েছে, এই প্রক্রিয়ায় কাউকেই ছাড় দেওয়া হবে না। কেবল মূলধারার বড় বড় সংবাদমাধ্যম বা মিডিয়া আউটলেটই নয়; বরং এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব ব্যক্তিগত ও বাণিজ্যিক অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে, সেগুলোকে সমানভাবে চিহ্নিত করা হচ্ছে।

ইতোমধ্যেই এএফএ-র আইনি দল বিতর্কিত পোস্ট চিহ্নিতকরণ, প্রমান সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নথিবদ্ধ করার কাজ পুরোদমে শুরু করে দিয়েছে।

ফুটবলারদের সম্মানহানি করে বা জাতীয় দলের ভাবমূর্তি নষ্ট করে এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে আদালতের দরজায় কঠোর আইনি লড়াই চালানোর স্পষ্ট বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।