নির্বাচনের আগে প্রবীণদের ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মেডিকেয়ারে থাকা ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেডিকেয়ার পার্ট বি-এর মাসিক প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতে এই অর্থ দেওয়া হবে। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে গত মাসে তিনি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমার প্রিমিয়াম বাবদ প্রায় ১০ লাখ মানুষকে ৫০০ ডলার করে ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
এই ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। এর সম্ভাব্য ব্যয় ১ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। এতে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে।
শনিবার রাতে ওহাইওর ভ্যান্ডালিয়ায় এক জনসভায় ট্রাম্প তার ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন। তিনি বলেন, ওহাইওর ৭০ হাজার পরিবার আগামী কয়েক দিনের মধ্যেই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের রিবেটের অর্থ পেয়ে যাবে। একই সঙ্গে ডিসেম্বর মাসে সামরিক বাহিনীর সদস্যদের জন্য ঘোষিত ১ হাজার ৭৭৬ ডলারের অর্থ দেওয়ার কথাও ভোটারদের মনে করিয়ে দেন। তবে ওই অর্থ দেওয়ার সময় আরও ভালো হতে পারত বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, হয়তো আমার আরও এক বছর অপেক্ষা করা উচিত ছিল। সত্যি বলতে, আমি সেটাই বলেছিলাম। নির্বাচনের আগে পর্যন্ত কি আমার অপেক্ষা করা উচিত?
এদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে, জ্বালানি ও নিত্যপণ্যের উচ্চমূল্যের জন্য যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়ছে। মূল্যস্ফীতি মোকাবিলায় তার পদক্ষেপকে সমর্থন করছেন মাত্র ১৭ শতাংশ মানুষ বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে। তবে ট্রাম্প অর্থনীতি শক্তিশালী অবস্থায় রয়েছে দাবি করে দ্রব্যমূল্য ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রবীণদের ৯০ ডলারের এই অর্থ মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে দেওয়া হবে। ২০০৮ সালে কংগ্রেস এই তহবিল গঠন করেছিল মেডিকেয়ারের কার্যক্রম ও সেবাদাতাদের অর্থ পরিশোধের প্রক্রিয়া উন্নত করতে। তহবিলটিতে প্রায় ২০০ কোটি ডলার রয়েছে।
মেডিকেয়ার পার্ট বি-এর অধিকাংশ যোগ্য সুবিধাভোগী অক্টোবরের শুরুতেই এককালীন ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাওয়ার ব্যবস্থা রয়েছে, তাদের হিসাবে টাকা জমা হবে। অন্যদের নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে। পার্ট বি সাধারণত চিকিৎসকের পরামর্শ, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন পরীক্ষার মতো বহির্বিভাগীয় চিকিৎসাসেবা কভার করে।
তবে সবাই এই অর্থ পাবেন না। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং মেডিকেয়ারের পার্ট বি-এর আওতাভুক্ত ব্যক্তিদের মধ্যে যারা ইতোমধ্যে মেডিকেডের মাধ্যমে প্রিমিয়াম সহায়তা পাচ্ছেন না বা আয়ের ভিত্তিতে অতিরিক্ত মাসিক প্রিমিয়াম দিচ্ছেন না, তারাই এই অর্থের জন্য যোগ্য। মেডিকেয়ার অ্যাডভান্টেজে থাকা ব্যক্তিরা এই অর্থ পাবেন না।
স্বাস্থ্যসেবা গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের তথ্য অনুযায়ী, যোগ্য মেডিকেয়ার সুবিধাভোগীদের অর্ধেকেরও বেশি মেডিকেয়ার অ্যাডভান্টেজের আওতায় রয়েছেন। ফলে ২ কোটির বেশি মানুষকে অর্থ দেওয়ার ঘোষণা থাকলেও মেডিকেয়ারের সব সুবিধাভোগী এই অর্থ পাবেন না।
কেএফএফের স্বাস্থ্যনীতি বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ল্যারি লেভিট বলেন, আগের কোনো প্রশাসন মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ডকে এভাবে সরাসরি সুবিধাভোগীদের অর্থ দেওয়ার কাজে ব্যবহার করেনি। তবে কংগ্রেস বিভিন্ন সময়ে অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে তহবিলটির অর্থ ব্যবহার করেছে। উদাহরণ হিসেবে, ২০১০ সালে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট প্রণয়নের কাজে এই তহবিল থেকে ২০ দশমিক ৭৪ বিলিয়ন ডলার নেওয়া হয়েছিল।



