রাজধানীতে দুই মেগা কনসার্ট আজ
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বসছে একাধিক উন্মুক্ত সংগীত আয়োজন।
বুধবার (৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দুটি বড় কনসার্ট ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ও ‘বর্ষা বিপ্লবের গান’।
এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হয় ‘সাউন্ড অব জুলাই’ কনসার্ট।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এ কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। উন্মুক্ত আয়োজনটি দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। এ আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত।
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’তে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। উদ্বোধনী অংশে মঞ্চে উঠবে রে রে, মূল পর্বে পরিবেশন করবে বাকি ছয়টি ব্যান্ড। একই সঙ্গে অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকছে।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে আরেকটি ওপেন-এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।
মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।
‘বর্ষা বিপ্লবের গান’-এ পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র্যাপার সেজান। এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরো কয়েকজন শিল্পী এতে অংশ নেবেন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।



