দলবদলের সময়সীমা শেষ, ক্লাবহীন বেনজেমা-রামোস-ইকার্দিসহ আরো অনেক তারকা
ইউরোপীয় ফুটবলের দলবদলের সময়সীমা শেষ হয়েছে। এই সময়ে করিম বেনজেমা, সার্জিও রামোস এবং মাউরো ইকার্দিসহ বেশ কিছু বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্লাবহীন অবস্থায় রয়েছেন. চুক্তির মেয়াদ শেষ হওয়া বা পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিলে নতুন ঠিকানার খোঁজে রয়েছেন এই তারকারা।
ফ্রি এজেন্ট হওয়ায় দলবদলের সাধারণ সময়সীমা শেষ হলেও যেকোনো ক্লাব চাইলে যেকোনো সময় তাদের দলে ভেড়াতে পারবে। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় দ্রুত নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলের বাজারে ক্লাবহীন থাকা সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে করিম বেনজেমা। ২০২২-এর ব্যালন ডি’অর জয়ী ফরাসি স্ট্রাইকার আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন।
মাত্র কয়েক মাস আগে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এখন এই ৩৮ বছর বয়সী তারকার সামনে দু’টি রাস্তা—নতুন ক্লাব খোঁজা অথবা অবসর নিয়ে ফেলা। কোন পথে যান তিনি সেটাই দেখার।
তার পাশে আছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ডিফেন্ডার রামোসর।
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ডিফেন্ডার দীর্ঘ বর্ণময় ক্যারিয়ারে জিতেছেন ২২টি ট্রফি। স্পেনের হয়ে বিশ্বকাপসহ চারটি ট্রফিও রয়েছে তার। বয়স ৪০ ছুঁলেও অবসর ঘোষণা দেয়নি তিনি। ফলে শেষবার মাঠে নামার আগে নতুন কোনও ক্লাবের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার ইকার্দির গল্পটা অবশ্য আলাদা।
২০২২ সালে পিএসজি থেকে গালাতাসারাইয়ে লোনে গিয়ে পরে পাকাপাকি ভাবে তুরস্কের ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টিনার স্ট্রাইকার।
চার বছরে ১৩৪ ম্যাচে ৭৭ গোল করে ক্লাবের অন্যতম প্রিয় তারকা হয়ে ওঠেন। জিতেছেন চারটি তুর্কি লিগ, একটি তুর্কি কাপ এবং একটি সুপার কাপ। ২০২৩-২৪ মৌসুমে ২৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। কিন্তু গুরুতর হাঁটুর চোট এবং ভিক্টর ওসিমহেনের আগমনের ক্লাবটিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। চলতি বছরের ৩০ জুন গালাতাসারাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয় এই স্ট্রাইকারের।
শুধু আক্রমণভাগ নয়, মিডফিল্ডেও রয়েছে বড় নাম। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী পল পোগবা ফের ক্লাবহীন। মোনাকোর সঙ্গে তার চুক্তি গত ১৯ অগস্ট পারস্পরিক সমঝোতায় শেষ হয়েছে। চোটের কারণে ২০২৫-২৬ মৌসুমে মাত্র ছ’টি ম্যাচ খেলতে পেরেছিলেন ৩৩ বছরের এই মিডফিল্ডার।
আর এক সাবেক রিয়াল তারকা দানি কারভাহালও এই তালিকায়। ছ’টি চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্প্যানিশ ডিফেন্ডারের সামনে এখন নতুন ক্লাবের সন্ধান। একই তালিকায় রয়েছেন তাঁর সাবেক সতীর্থ আলাবাও।
ফিলিপে কুতিনিয়োও এখন ক্লাবহীন। বার্সেলোনা থেকে প্রায় ১২ কোটি ইউরোতে তাকে দলে ভিড়িয়েছিলো লিভারপুল। পরে বায়ার্ন মিউনিখে লোনে গিয়ে চ্যাম্পিয়ন্ লিগও জেতেন এই ব্রাজিলিয়ান। কিন্তু সেই সোনালি সময় আর ফেরেনি। নিজের ফুটবলের শুরুর ক্লাব ভাস্কো দা গামায় খেলার পর এখন নতুন চুক্তির অপেক্ষায় তিনি।
রিয়াদ মাহরেজ, জাডন স্যাঞ্চো, রাহিম স্টার্লিং, উইলফ্রেড জাহা, জেমস রদ্রিগেজ, অ্যান্টনি মার্শিয়াল, জোসেলু এবং জর্জিনিয়ো ভাইনালডুমের মতো অভিজ্ঞ ফুটবলাররাও রয়েছেন ক্লাবহীনদের তালিকায়।



