নিরাপত্তা হুমকি, মার্কিন গায়িকা এলা ল্যাংলির কনসার্ট বাতিল
নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলির কনসার্ট বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে এ কনসার্ট হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল।
বিবিসি জানায়, ১৯ হাজার দর্শক ধারণক্ষমতার বিওকে সেন্টারে কনসার্ট শুরুর প্রায় দুই ঘণ্টা আগে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্য রকম কঠিন’ বলে বর্ণনা করেছেন ২৭ বছর বয়সী এই গায়িকা। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এলা ল্যাংলি বলেন, হুমকিটি তার ভক্ত, অনুষ্ঠানস্থলের কর্মী এবং নিজের দলের সদস্যদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল। তাই কনসার্ট বাতিল করতে হয়েছে।
তুলসা পুলিশ বিভাগের ক্যাপ্টেন রিচার্ড মিউলেনবার্গ জানান, এক ব্যক্তি ফোন করে ওই অনুষ্ঠানে গুলি চালানো ও বোমা বিস্ফোরণের হুমকি দেন। এতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। উলেনবার্গ বলেন, অনুষ্ঠান শুরুর আগে এলা ল্যাংলির দলের সদস্যরা বিওকে সেন্টার কয়েকবার পরীক্ষা করে দেখেন। তবে তখন কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ফোনে হুমকি পাওয়ার পর প্রশিক্ষিত কুকুরসহ পুলিশ সদস্যরা আবারও অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করেন। তবে কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেন, হুমকির কারণে হাজারো ভক্তের জন্য পুরো অনুষ্ঠানটি বাতিল হয়ে গেছে।
কনসার্ট বাতিলের বিষয়ে এর বেশি কোনো তথ্য দেননি এলা ল্যাংলি।
ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য যত দ্রুত সম্ভব জানানো হবে। অনুষ্ঠানস্থল বিওকে সেন্টারও এ বিষয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুস্থতা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করেই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় ভক্তরা হতাশ হবেন, তা কর্তৃপক্ষ বুঝতে পারছে। যারা কনসার্ট দেখতে আসার পরিকল্পনা করেছিলেন, তাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
সম্প্রতি নিজের গানের সাফল্যের কারণে আলোচনায় এসেছেন এলা ল্যাংলি। গত সেপ্টেম্বরে তার জনপ্রিয় কান্ট্রি গান ‘চুজিন টেক্সাস’ যুক্তরাষ্ট্রের সংগীত তালিকায় নতুন রেকর্ড গড়ে। গানটি মারিয়া ক্যারির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সংগীত তালিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বরে থাকা গান হয়ে ওঠে।



