নিউইয়র্কের সাবওয়েতে তর্কের জেরে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে তর্ক-বিতর্কের জেরে গুলিতে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্যস্ত ওই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটে ৫৩তম স্ট্রিট ও সেভেনথ অ্যাভিনিউয়ের সাবওয়ে স্টেশনে গুলির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, স্টেশনের উত্তরমুখী বি, ডি ও ই ট্রেনের প্ল্যাটফর্মে ওই ব্যক্তির বুকে গুলি লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর প্ল্যাটফর্মেই তাঁকে বাঁচাতে হৃদ্যন্ত্র সচল করার জরুরি প্রক্রিয়া শুরু করেন উদ্ধারকর্মীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ও হামলাকারীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধ হয়েছিল। তবে বিরোধের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তরমুখী ই ট্রেনের ভেতর থেকে প্ল্যাটফর্মে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজের বরাতে হামলাকারীর পোশাকের বর্ণনা দিয়েছে পুলিশ। তাঁর পরনে ছিল লাল রঙের ট্র্যাকস্যুট, কালো পাফার জ্যাকেট এবং মুখে কালো মুখোশের মতো একটি আবরণ। তাঁকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।



