মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ · নিউইয়র্ক
বিনোদন

এবার আলিয়া ভাটকে ঘিরে বিতর্কে মুখ খললেন শাহিদ কাপুর

এবার আলিয়া ভাটকে ঘিরে বিতর্কে মুখ খললেন শাহিদ কাপুর

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাটের জনপ্রিয়তা যত বেড়েছে, ততই তাকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনাও সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে কান চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে আলিয়ার প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন তাঁর সহশিল্পী শাহিদ কাপুর। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

যদিও এ বিষয়ে আলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শাহিদ কাপুর।

আলিয়ার সঙ্গে ‘শানদার’ ও ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় কাজ করা এই অভিনেতার মতে, কোনো ঘটনা নিজে প্রত্যক্ষ না করলে বা তার সত্যতা যাচাই না করে তা বিশ্বাস করা উচিত নয়।

অন্যের বক্তব্যের ওপর অন্ধভাবে নির্ভর করলে মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারে বলেও মনে করেন তিনি। শাহিদ বলেন, বিনোদন জগতে সাফল্য ও ব্যর্থতার চাপ এত বেশি যে, অনেক সময় শিল্পীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।

অভিনেতার মতে, বর্তমান সময়ে দর্শককে বিভ্রান্ত করা আগের তুলনায় অনেক কঠিন।তিনি বলেন, ‘শিল্পীদের নিজেদের আসল রূপই দর্শকের সামনে তুলে ধরা উচিত।

মানুষ এখন খুব সহজেই বুঝতে পারে যে, কেউ নিজের সম্পর্কে কৃত্রিম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন কিনা।

এ প্রসঙ্গে আলিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনি নিখুঁত না হলেও বা আপনার মধ্যে নিরাপত্তাহীনতা থাকলেও সেটি লুকিয়ে রাখার দরকার নেই। মানুষকে আপনার প্রকৃত রূপ দেখতে দিন। যখন দর্শক বুঝতে পারেন যে, আপনি তাদের সামনে একটি নির্দিষ্ট ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন, তখন তারা বিরক্ত হন। কারণ খ্যাতি ও সাফল্যের সঙ্গে নেতিবাচক সমালোচনাও অবিচ্ছেদ্যভাবে জড়িত।

তাই জনপ্রিয়তার সঙ্গে যেমন ভালবাসা আসে, তেমনই সমালোচনা ও নেতিবাচকতাও জীবনের অংশ হয়ে ওঠে। অন্যদিকে বিতর্কের মধ্যেই আলিয়ার আসন্ন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী ছবিতে একেবারে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে।

অনেকের মতে, এটি বলিউডের প্রচলিত স্পাই ফ্র্যাঞ্চাইজির ধারা থেকে ভিন্ন এক সংযোজন হতে পারে, যেখানে ‘আলফা ওম্যান’ চরিত্রে শত্রু দমনের মিশনে নামবেন আলিয়া।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।