মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ · নিউইয়র্ক
বাংলাদেশ

কোনো সচিব দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা

কোনো সচিব দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা

সরকারি কাজে গতি ফেরাতে সচিবদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সভায় প্রশাসনকে আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কোন কর্মকর্তা কীভাবে তাঁর কর্মজীবন পরিকল্পনা করবেন, সে বিষয়ে প্রত্যেক সচিবের কাছে পরিকল্পনা চাওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের সব ধরনের দপ্তর ও কর্মস্থলে কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নাসিমুল গনি সচিবদের বলেন, একটি কার্যকর ক্যারিয়ার প্ল্যান বা পেশাগত পরিকল্পনা হলো আপনার ভবিষ্যৎ পেশাজীবনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ, যা আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এ জন্য সব সচিবকে দ্রুত একটি ক্যারিয়ার প্ল্যান দেওয়ার নির্দেশনা দিয়েছেন। কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন পরিচালনা করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব সমকালকে বলেছেন, সভায় বলা হয়, আমলাতন্ত্রের কাঠামো ও কাজের ধরন এখন আর আগের মতো নেই। পরিবর্তিত বাস্তবতায় কর্মকর্তাদের নতুন দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য মন্ত্রিপরিষদ সচিব প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কর্মকর্তাদের দাপ্তরিক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ডি-নথির ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়। সচিবালয় নির্দেশমালা মেনে চলার বিষয়েও সচিবদের সতর্ক করা হয়েছে।

বৈঠকে বলা হয়, সব কর্মকর্তা সব ধরনের কর্মস্থলে চাকরি করতে চান না। কিন্তু সরকারের প্রতিটি দপ্তর ও সংস্থাকে কাজের উপযোগী করে তুলতে হবে। কর্মকর্তাদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী কাজের পরিবেশ তৈরির পাশাপাশি দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। কেউ সরকারের কাজ করছেন না বা দায়িত্বে অবহেলা করছেন– এমন কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

সচিব সভায় বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ খাতটির সার্বিক অবস্থা, চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পরে অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরাও নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের বর্তমান অবস্থা, সমস্যা এবং অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন। এ সময় সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের দপ্তরগুলোতে প্রাথমিকভাবে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিগগির সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। আবশ্যকীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা আছে *।