চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ওয়াসিমের বাড়িতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহিদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া উপজেলায় শহিদ মো. ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহিদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন মো. ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।



